বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম ১৩ লাখ টাকা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৮:০০ অপরাহ্ন

ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হবে আগামী ১১ জুন, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। তবে ফাইনালের টিকিটের দামের খবর শোনার পর সমর্থকরা চমকে উঠেছেন।

টিকিটের দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ ভক্তদের মধ্যে ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে।

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম দাঁড়িয়েছে ১০,৯৯০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার। দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম ৬ লাখ ৮৭ হাজার, আর তৃতীয় শ্রেণির টিকিট ৫ লাখ ৩৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কারণে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে, যা সাধারণ সমর্থকদের জন্য কষ্টের কারণ হিসেবে দেখা দিচ্ছে।

টিকিট বিক্রির প্রক্রিয়াও সমালোচনার মুখে। লটারি পদ্ধতি ও ‘ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ’ ব্যবস্থায় অনলাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বহু সমর্থক টিকিট পাননি। প্রযুক্তিগত ত্রুটি ও ভুল কিউ-এর কারণে অনেক ভক্ত হতোদ্যম হয়েছেন।

এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাস্ট-মিনিট সেলস ফেজ’-এ লিঙ্কে ক্লিক করেও অনেকে সঠিক পেজে প্রবেশ করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন। একজন সমর্থক মন্তব্য করেছেন, “এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। এখন বিশ্বকাপ শুধু ধনীদের জন্য।” আরেকজন বলেন, “ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না, আর হঠাৎ দাম বেড়ে যাচ্ছে। এটা চরম বিশৃঙ্খলা।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচের টিকিটের দামও আকাশছোঁয়া, যা আন্তর্জাতিক ফুটবল ভক্তদের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।