যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে এক বাংলাদেশি নারী দোকানকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত নিলুফার ইয়াসমিন (৪২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা যায়, কর্মস্থলে অবস্থানকালে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দোকানের সিসিটিভি ফুটেজে হামলার পুরো ঘটনা ধরা পড়ে। এতে দেখা যায়, সকালে দোকান খোলার পরপরই অভিযুক্ত ব্যক্তি পার্কিং এলাকায় ভাঙচুর শুরু করে। পরিস্থিতি বুঝতে বাইরে গেলে নিলুফারের ওপর আকস্মিক হামলা চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ছয় মাস আগে ওই প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন নিলুফার। তিনি দুই সন্তান নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের নির্দেশে জামিন ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :