যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির বন্দরমুখী অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজগুলোকে নির্ধারিত শর্তে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ওমান উপসাগরে অবস্থানরত এবং ইরানের বন্দরের দিকে অগ্রসরমান জাহাজগুলোকে কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালি অতিক্রম করতে হবে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রণালিটি কার্যত বন্ধ করে দেয় তেহরান। বিশ্ব জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতিটি আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি করেছিল।

বর্তমান সিদ্ধান্তে প্রণালিটি সম্পূর্ণ উন্মুক্ত করা হয়নি। বরং খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্য সরবরাহ সচল রাখতে সীমিত পরিসরে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চাপ কমাতে এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।