হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের সামরিক সমন্বয় সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে এই আলটিমেটামকে অগ্রহণযোগ্য বলে জানায়। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ‘উত্তেজনাপূর্ণ ও অপ্রয়োজনীয়’ হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার দেওয়া এক বার্তায় ট্রাম্প ইঙ্গিত দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি চালু না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া পোস্টে পূর্বের সময়সীমার উল্লেখ করে নতুন করে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন।
তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে এবং এর পরিণতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ফলে এ ইস্যুতে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
আপনার মতামত লিখুন :