ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি নতুন করে জোরালো হয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ প্রকাশ্যে অভিশংসনের আহ্বান জানিয়ে বলেছেন, সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন আনেনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দেন, যা দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে ওকাসিও-কর্তেজ অভিযোগ করেন, প্রেসিডেন্টের বক্তব্য কেবল কূটনৈতিক উত্তেজনাই বাড়ায়নি, বরং তা মানবিক বিপর্যয়ের ঝুঁকিও তৈরি করছে।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে এমন অবস্থান দেশ ও বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তার ভাষায়, “বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটি বিপজ্জনক প্রান্তসীমায় নিয়ে গেছে।”
ট্রাম্পবিরোধী মনোভাব সাম্প্রতিক সময়ে আরও দৃশ্যমান হয়ে উঠেছে। ব্যয়বহুল যুদ্ধনীতি, অর্থনৈতিক চাপ এবং বিতর্কিত আইন প্রণয়নের অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়ছে। এরই প্রেক্ষাপটে গত মাসে ‘নো কিংস’ শিরোনামে একটি বৃহৎ আন্দোলনে লাখো মানুষ অংশ নেয় বলে আয়োজকদের দাবি।
এদিকে, কংগ্রেসের একাধিক ডেমোক্র্যাট সদস্য আগেই ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তাদের মতে, ইরান প্রসঙ্গে প্রেসিডেন্টের হুমকিমূলক অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অস্থিতিশীল করছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণার পরও তারা তাদের অবস্থান থেকে সরে আসেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত বদলাতে থাকায় ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য এবং নীতিনির্ধারণের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।
আপনার মতামত লিখুন :