যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতিতে ইসলামাবাদ, নিরাপত্তায় জোর দিচ্ছে পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। আন্তর্জাতিক সংবাদসূত্রের বরাতে জানা গেছে, রাজধানী ইসলামাবাদকে কেন্দ্র করেই এই উদ্যোগ এগোচ্ছে।

পাকিস্তানের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকেই প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে এবং বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থায়। সংশ্লিষ্টরা মনে করছেন, সংলাপ সফল করতে নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।

কূটনৈতিক সূত্রগুলো আরও ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাম্প্রতিক তেহরান সফরও এই প্রক্রিয়ার অংশ ছিল। ওই সফরে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আলোচনার পথ সুগম করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত প্রায় ৪০ দিন স্থায়ী হয়। পরে ৮ এপ্রিল উভয় পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল পাকিস্তান।

যুদ্ধবিরতির পরপরই ইসলামাবাদে প্রথম দফা সংলাপে বসে দুই দেশ। তবে প্রায় ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবুও উভয় পক্ষ আলোচনার পথ খোলা রাখার আগ্রহ প্রকাশ করে।

বর্তমানে দ্বিতীয় দফা সংলাপ আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ইতিবাচক অবস্থান নিয়েছে এবং ইসলামাবাদকে ভেন্যু হিসেবে গ্রহণযোগ্য বলেও জানিয়েছে। এ অবস্থায় পাকিস্তান দ্রুত প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, যাতে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানের পথ তৈরি করা যায়।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও জ্বালানি স্থিতিশীলতার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।