জাপানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

জাপানের উত্তর উপকূলে সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ হিসেবে নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে সানরিকু উপকূলের নিকটবর্তী সমুদ্র এলাকায় এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই কম্পনটি এতটাই তীব্র ছিল যে কয়েকশ কিলোমিটার দূরের রাজধানী টোকিওতেও এর প্রভাব অনুভূত হয়।

জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী সময়ে সমুদ্র উপকূলে ৩ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে হোকাইদো এবং ইওয়াতে অঞ্চলের বিস্তৃত উপকূলীয় এলাকাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির চেয়ে সম্ভাব্য সুনামির গতিবিধি ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।

দেশটির ভূমিকম্পপ্রবণ ভৌগোলিক অবস্থানের কারণে এমন পরিস্থিতিতে দ্রুত সতর্কতা ও সর্তক পদক্ষেপ গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।