মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘোষণায় ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল কতটা সাড়া দেবে, তা এখনও স্পষ্ট নয়।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে ওয়াশিংটন সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রেখে আলোচনার সুযোগ তৈরি করতে চায়। ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় উল্লেখ করেন, ইরান পূর্ণাঙ্গ প্রস্তাব নিয়ে আলোচনায় না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা স্থগিত রাখবে।
তবে একইসঙ্গে তিনি ইরানের সমুদ্রবন্দর ও বাণিজ্যপথে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেছেন, যা তেহরান ‘যুদ্ধকালীন পদক্ষেপ’ হিসেবে দেখছে।
এদিকে ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার উদ্যোগ নিলেও পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। ইসলামাবাদ-এ বৈঠকের আগে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আলোচনায় না বসার ইঙ্গিত দিয়েছে তেহরান।
ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম Tasnim News Agency জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তারা কোনো অনুরোধ করেনি। বরং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অবরোধ মোকাবিলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ-এর এক উপদেষ্টা ট্রাম্পের ঘোষণাকে কৌশলগত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি অভিযানের পর কয়েক সপ্তাহের সংঘাত শেষে দুই দেশের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন করে সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও পারস্পরিক অবিশ্বাস ও সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার এই ঘোষণা তাৎক্ষণিক উত্তেজনা কিছুটা কমাতে পারে, তবে অবরোধ অব্যাহত থাকা এবং আলোচনায় অনিশ্চয়তা টেকসই সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
আপনার মতামত লিখুন :