হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে আকস্মিক পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব গণমাধ্যমকে জানান, হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে আপাতত তার নির্ধারিত সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে।