মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরী। মঙ্গলবার দুপুরের বৃষ্টির পর নগরীর একাধিক সড়কে হাঁটুপানি জমে যান চলাচল ব্যাহত হয়, চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
বিশেষ করে নিচু এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে পরিস্থিতি বেশি সংকটজনক হয়ে ওঠে।
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর দুপুর সাড়ে ১২টার পর বৃষ্টির তীব্রতা বাড়লে প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় পানি জমে যায়। এতে সড়কে যানবাহনের গতি মন্থর হয়ে পড়ে, অনেক স্থানে রিকশা ও ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যায় প্রবর্তক মোড় এলাকায়। জলাবদ্ধতার কারণে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, সড়কে পানি জমে থাকায় ভাড়া বাড়িয়ে নিচ্ছেন রিকশাচালকেরা।
প্রবর্তক মোড়ে আটকে পড়া পথচারী আবির ইসলাম বলেন, পানির কারণে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। স্বল্প দূরত্বের ভাড়াও অতিরিক্ত নেওয়া হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুরের পর ভারী বর্ষণ জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় সাময়িকভাবে পানি চলাচলে বিঘ্ন ঘটছে। এতে কিছু এলাকায় পানি জমে পরিস্থিতির অবনতি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, চলমান উন্নয়নকাজের সঙ্গে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার সমন্বয় না থাকায় নগরবাসীকে বারবার এমন দুর্ভোগে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমের আগে টেকসই সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
আপনার মতামত লিখুন :