ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন বিতর্ক উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রণালিটির নাম পরিবর্তন করে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ উল্লেখ করে একটি মানচিত্র প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ব্যাখ্যা ছাড়াই মানচিত্রটি শেয়ার করেন। এতে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের প্রচলিত নামের পরিবর্তে ‘Strait of Trump’ লেখা দেখা যায়। পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
জানা যায়, ‘আইস্ট্যান্ডউইথট্রাম্প৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে ছবিটি প্রকাশ করা হয়, যা পরবর্তীতে ট্রাম্প নিজেই পুনঃশেয়ার করেন। এর আগে এক জনসভায় বক্তৃতাকালেও তিনি ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। সে সময় উপস্থিতদের প্রতিক্রিয়ার জবাবে তিনি মন্তব্য করেন, গণমাধ্যম এটিকে ভুল মনে করতে পারে, তবে তিনি খুব কমই ভুল করেন।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কৌশলগত টানাপোড়েনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ প্রতীকী বার্তা বহন করে। প্রণালিটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এর নিয়ন্ত্রণ ও ব্যবহারের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল।
বর্তমানে ইরান প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও টোল আরোপের ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এ জলপথকে অবাধ ও উন্মুক্ত রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই নাম পরিবর্তনের প্রচেষ্টা কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
আপনার মতামত লিখুন :