সংসদের প্রথম অধিবেশন পরিচালনায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার ছাড়া বিদ্যমান সংবিধান কাঠামো থেকে বারবার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ফিরে আসার ঝুঁকি রয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ব্যাহত হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোট ও ‘জুলাই সনদ’ ইস্যুতে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। তার দাবি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে গিয়ে আংশিক উদ্যোগের মাধ্যমে সরকার বাস্তবতার সঙ্গে অসঙ্গত অবস্থান নিচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির আয়োজনে অনুষ্ঠিত এই কনভেনশনে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দিনব্যাপী চারটি সেশনে আলোচনা হয়। এতে গবেষক, অর্থনীতিবিদ ও ১১-দলীয় জোটের নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, অর্থনীতির সংকটময় পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বাস্তবভিত্তিক সংস্কার। তবে বর্তমান সরকার সে পথে না গিয়ে বড় প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। পাশাপাশি, দ্রুত নির্বাচন ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :