খেলাপি ঋণে গ্লোব জনকণ্ঠ ভবন নিলামে তুলছে জনতা ব্যাংক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

খেলাপি ঋণ আদায়ে রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত ১৫ তলা জনকণ্ঠ ভবন নিলামে তুলেছে Janata Bank Limited।

ব্যাংকটির দিলকুশা করপোরেট শাখা গত ৩০ এপ্রিল বিভিন্ন দৈনিকে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, মোট ২০৫ কোটি ৪২ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিলামে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৪ মে’র মধ্যে আদালতে নির্ধারিত দরপত্র বাক্সে সরাসরি অথবা রেজিস্ট্রি ডাকযোগে আবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিলামের সময় সংরক্ষিত মূল্য ঘোষণা করা হবে এবং আদালতের বিধি অনুযায়ী দর আহ্বান করা হবে। তবে বিক্রির পর কোনো বিরোধ দেখা দিলে তার দায়ভার ব্যাংক বা আদালত নেবে না।

উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠ প্রকাশকারী প্রতিষ্ঠান Globe Janakantha Shilpa Paribar Limited–এর সম্পত্তিই এ নিলামের আওতায় আনা হয়েছে।

প্রসঙ্গত, গত রোজার ঈদের ছুটির সময় থেকে দৈনিক জনকণ্ঠ তাদের মুদ্রণ ও অনলাইন কার্যক্রম বন্ধ রেখেছে। এরপর ছুটি বাড়ানো হলেও এখনো পত্রিকাটি প্রকাশনায় ফেরেনি।