ঈদ উপলক্ষে দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহা পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এতদিন দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নিয়ম কার্যকর ছিল। তবে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের পর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদ উপলক্ষে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুতের অপচয় এড়াতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছিল। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।