ফার্মগেটে বিএনপির মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামার আহ্বান তারেক রহমানের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, সরকারকে সফল করতে দলীয় সমর্থন ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন সবাইকে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমাদের একটি আন্দোলনের অধ্যায় শেষ হয়েছে। এখন নতুন অধ্যায় শুরু হয়েছে—যেখানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দলের ইশতেহার জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। “নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ইশতেহার, এখন তা সরকার গঠনের পর জনগণের ইশতেহারে পরিণত হয়েছে,”—যোগ করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া সুশাসন, নিরাপদ সমাজ ব্যবস্থা, শিক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

তারেক রহমান আরও বলেন, অতীতে আন্দোলনের সময় গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সহনশীল রাজনৈতিক পরিবেশের দাবি জানানো হয়েছিল, যা এখন বাস্তবায়নের মাধ্যমে একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “সরকার বিএনপির সমর্থন ও সহযোগিতার ওপর অনেক ক্ষেত্রেই নির্ভরশীল। তাই দলীয় ঐক্য ও সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে এটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।