আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায়ও একটি জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে, তবে সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা এস রহমান তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। ছাত্রজীবনে মেধাবী হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ১৯৬৬ সালে লাহোর থেকে খনিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ছাত্ররাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন এবং ছয় দফা আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে অংশ নেন। ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। পরে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, মুক্তিযোদ্ধা মহল এবং নিজ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :