দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিল্পখাতকে পুনরুজ্জীবিত করতে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে শিল্প ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে চীনের আরও সহায়তা কামনা করেন।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সবুজ কারখানার অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, উদ্যোক্তারা ইতোমধ্যে পরিবেশবান্ধব শিল্পায়নের নতুন ধারা তৈরি করেছেন। ভবিষ্যতে পোশাক খাতে সবুজায়ন আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের ৬০টির বেশি টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সেমিনার ও আলোচনার আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীটি আগামী ১৬ মে পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আপনার মতামত লিখুন :