র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)কে পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স হিসেবে পরিচালনার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়টি আরও জোরদার করা হবে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভবিষ্যতে র্যাব আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবাধিকার রক্ষার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। বাহিনীর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, পরবর্তীতে সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে র্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর দায় পুরো প্রতিষ্ঠানের নয়। ফ্যাসিবাদী শাসনামলে কিছু কর্মকর্তার কর্মকাণ্ড এবং মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে বাহিনীটি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, নতুন আইন কার্যকর হলে র্যাবের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম আরও আধুনিক ও জবাবদিহিমূলক হবে। একইসঙ্গে আইনের শাসন ও নাগরিক অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করে বাহিনীকে পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট মহলের মতে, র্যাবকে নতুন আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ দেশের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
আপনার মতামত লিখুন :