ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে এসে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা, যা তাকে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তির দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
মঙ্গলবার লিসবনের ‘সিদাদে দো ফুতবল’-এ ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। তবে দল ঘোষণার সবচেয়ে আবেগঘন অংশ ছিল প্রয়াত ফরোয়ার্ড ডিওগো জোটাকে ঘিরে বিশেষ শ্রদ্ধাঞ্জলি।
সংবাদ সম্মেলনে মার্টিনেজ জানান, এবারের স্কোয়াড শুধু ২৭ জন খেলোয়াড়ের নয়, বরং “২৭ জন প্লাস ওয়ান”। তার ভাষায়, সেই অতিরিক্ত সদস্য হচ্ছেন ডিওগো জোটা—যিনি গত বছরের জুলাইয়ে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
আবেগাপ্লুত কণ্ঠে মার্টিনেজ বলেন,
“ডিওগো আমাদের দলের প্রাণশক্তি ছিল। তাকে হারানো ছিল অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার স্বপ্ন ও জাতীয় দলের প্রতি তার নিবেদনকে সামনে রেখেই এগিয়ে যাব। ডিওগোর স্পিরিট সবসময় আমাদের সঙ্গে থাকবে।”
ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াডে ২৬ জন নিবন্ধিত খেলোয়াড় রাখা যাবে। তবে অতিরিক্ত গোলরক্ষক হিসেবে রিকার্দো ভেলহোকে দলভুক্ত করেছে পর্তুগাল। মূল তিন গোলরক্ষকের কেউ ইনজুরিতে পড়লে তিনি চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন।
ভারসাম্যপূর্ণ দল গড়েছেন মার্টিনেজ
স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশেল রেখেছেন কোচ মার্টিনেজ। রক্ষণভাগে দিওগো দালোত, জোয়াও কানসেলো ও নুনো মেন্দেসের মতো নির্ভরযোগ্য ফুটবলারদের রাখা হয়েছে। মাঝমাঠে থাকছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ভিতিনহা ও জোয়াও নেভেস।
আক্রমণভাগে রোনালদোর সঙ্গে থাকছেন রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসের মতো তারকারা।
মার্টিনেজ জানান, উত্তর আমেরিকার আবহাওয়া, দীর্ঘ ভ্রমণ ও সময় অঞ্চলের পার্থক্য বিবেচনায় রেখেই স্কোয়াডে অতিরিক্ত বিকল্প রাখা হয়েছে।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। ৬ জুন চিলির বিপক্ষে এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে—
১৭ জুন : কঙ্গোর বিপক্ষে
২৩ জুন : উজবেকিস্তানের বিপক্ষে
২৭ জুন : কলম্বিয়ার বিপক্ষে
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।
ডিফেন্ডার:
দিওগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াজ, তোমাস আরাউজো।
মিডফিল্ডার:
রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা।
ফরোয়ার্ড:
জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস ও ক্রিস্টিয়ানো রোনালদো।
আপনার মতামত লিখুন :