হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮২ হাজার ছাড়াল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৯২৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত প্রায় তিন মাসে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৬৩ হাজার ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। তবে আশার বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯২ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।