নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগে গতিশীল হবে সম্মিলিত ইসলামী ব্যাংক: গভর্নর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল হবে।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইসলামী ব্যাংকের পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের ‘অবৈধ হস্তক্ষেপ’ নিয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত পাঁচ সদস্যের বোর্ডের একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়েছে। তবে এর বাইরে ব্যাংকের কোনো কর্মকর্তা বা পরিচালকের বদলি, পদোন্নতি কিংবা নিয়োগে কেন্দ্রীয় ব্যাংক কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন এবং গ্রাহকদের আস্থা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নজরদারি অব্যাহত রেখেছে। নতুন নেতৃত্ব ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত সম্পদ ও আর্থিক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনীয়তার প্রতিফলন ঘটেছে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বাজেট কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; বরং কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, ইসলামী ব্যাংকের পরিচালনা কাঠামো এবং নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে এ সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরা হয়।