সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকারের রুলিং


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

জাতীয় সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে ‘ঝুঁকিয়া’ অভিবাদন জানানোর বাধ্যবাধকতা আর কার্যপ্রণালি বিধিতে নেই বলে স্পষ্ট করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে দেওয়া এক রুলিংয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে কয়েকজন সংসদ সদস্য পয়েন্ট অব অর্ডারে প্রশ্ন তোলার পর কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা অনুযায়ী কোনো সদস্য সংসদে প্রবেশ, প্রস্থান কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অতীতে ব্যবহৃত ‘ঝুঁকিয়া’ শব্দটি ২০০৬ সালে বিধি সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে।

তিনি জানান, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ সংশোধনী প্রস্তাব সংসদে উপস্থাপন করে। পরে ২৬ সেপ্টেম্বর তা বিবেচনা ও গৃহীত হয়। সেই সংশোধনের ফলে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের নির্দিষ্ট কোনো ভঙ্গি বাধ্যতামূলক রাখা হয়নি।

রুলিংয়ে স্পিকার আরও বলেন, সংসদ সদস্যরা তাদের নিজ নিজ ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি অনুসারে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।

এর ফলে জাতীয় সংসদে সভাপতির প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক নয়—এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার হলো।

সংসদীয় পর্যবেক্ষকদের মতে, স্পিকারের এই ব্যাখ্যা কার্যপ্রণালি বিধির বর্তমান অবস্থান সম্পর্কে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করবে এবং সদস্যদের জন্য বিষয়টি আরও স্পষ্ট করবে।