জিনপিং-তারেক বৈঠক: চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্বাক্ষর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

চীনের রাজধানী বেইজিং সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, যা বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, ১৭টি সমঝোতার মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, ৩টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানের মধ্যে এবং একটি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, সফরকালে চীনের শীর্ষ নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং তাদের অবদানের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের ‘এক চীন নীতি’র প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তবে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

এদিকে, শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠককে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, আনুষ্ঠানিক বৈঠকের পর দুই নেতার মধ্যে পৃথক একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়া চীনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বিশেষ গুরুত্বের প্রতিফলন।

শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রথমে প্রতিনিধি দলসহ প্রায় ৫০ মিনিট বৈঠক করেন দুই নেতা। এরপর তাদের মধ্যে পৃথক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী চীনের আরও দুই শীর্ষ নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন।