বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বেলজিয়াম।
তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শুধু জয় নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বেলজিয়ান ফুটবলারদের ব্যঙ্গাত্মক উদযাপনও। ইনজুরি সময়ে রোমেলু লুকাকুর চতুর্থ গোলের পর কয়েকজন বেলজিয়ান খেলোয়াড় ট্রাম্পের বহুল আলোচিত নির্বাচনী প্রচারণার নাচ অনুকরণ করে উদযাপন করেন। পরে দলের সামাজিক যোগাযোগমাধ্যমে লুকাকুর উদযাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘এটা বাতিল করে দেখান’, যা অনেকের মতে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনাকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে।
ম্যাচের আগে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়। বেলজিয়ান গণমাধ্যমে দাবি করা হয়, এই সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রশাসনের পরোক্ষ প্রভাব থাকতে পারে। যদিও এ ধরনের অভিযোগের স্বাধীন কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। বিষয়টি নিয়ে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) আপত্তি জানালেও ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের আপিল গ্রহণ করেনি। ফিফা জানায়, বেলজিয়াম এই মামলার সরাসরি পক্ষ না হওয়ায় আপিল করার অধিকার তাদের নেই।
ম্যাচ শেষে বেলজিয়ামের মিডফিল্ডার নিকোলাস রাসকিন বলেন, গত দুই দিনে মাঠের বাইরের ঘটনাগুলো তাদের দলের মধ্যে অন্যায়ের অনুভূতি তৈরি করেছিল এবং সেই কারণেই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার বাড়তি প্রেরণা পেয়েছিলেন তারা। তার ভাষায়, দল মাঠের খেলাতেই সব প্রশ্নের জবাব দিতে চেয়েছিল।
ম্যাচে প্রথমার্ধেই শার্ল ডি কেটেলারের জোড়া গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে হন্স ফানাকে ও রোমেলু লুকাকু আরও দুটি গোল করেন। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান। বড় এই জয়ের মাধ্যমে বেলজিয়াম শেষ আটে জায়গা নিশ্চিত করেছে। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।
আপনার মতামত লিখুন :