বিশ্বকাপ নিয়ে উত্তেজনা, কুমিল্লায় মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কুমিল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে স্থানীয় দুই ব্যক্তি—বাবু ও মাইন উদ্দিন মালু—শরিফুলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।