রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন সরকারের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৯:০২ অপরাহ্ন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে বাদ আসর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচার বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক জীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

পরিবারের সূত্রে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে তার মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। মৃত্যুর আগে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে শোক প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী সংগঠন পৃথক শোকবার্তায় তার কর্মময় জীবনের অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।