বেকারত্বের ক্ষোভে উত্তপ্ত নেপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুবসমাজের হতাশাকে কেন্দ্র করে নেপালে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
গত তিন দিনে তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন; তাদের মধ্যে দুজন মারা গেছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এসব ঘটনার পর রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার যুবকদের কর্মসংস্থান, আয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

জেন-জি নেপাল নামের একটি সংগঠন সরকারের বিরুদ্ধে জনবিরোধী ও স্বৈরাচারী শাসনের অভিযোগ তুলেছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে তরুণদের কর্মসংস্থান বা অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বাস্তব উদ্যোগের প্রতিফলন নেই।

এদিকে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস বলেছে, রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা এবং কর্মসংস্থানের সংকটই তরুণদের হতাশার দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে নেপালে বেকারত্ব ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে জনঅসন্তোষ ক্রমেই বাড়ছে, যা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।