দুর্নীতি দমন কমিশনের (দুদক) টানা চারদিনের অভিযান শেষে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের কার্যালয় সিলগালা করা হয়েছে। রাজধানীর বনানীর ‘ইকবাল সেন্টার’-এর ১৬ তলায় অবস্থিত তাঁর ব্যক্তিগত চেম্বার ও একটি পরিচালকের কক্ষ সিলগালা করে দুদক।
অভিযানকালে ওই কার্যালয় থেকে ইকবালের সম্পদ-সংক্রান্ত তিন শতাধিক দলিল, কয়েকশ চেকবই, সাতটি ইলেকট্রনিক ডিভাইস, স্থায়ী আমানত (এফডিআর) সংক্রান্ত নথি এবং নগদ প্রায় দেড় লাখ টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা দলিলের তালিকাই হয়েছে প্রায় ৩৭ পৃষ্ঠার।
দুদক সূত্রে জানা গেছে, একজন বিচারিক হাকিমের (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) উপস্থিতিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পৃথক জব্দতালিকা প্রস্তুত করা হয়। উদ্ধার করা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে রয়েছে ম্যাকবুক, আইপ্যাড, নেক্সাস ট্যাব ও বেশ কয়েকটি মোবাইল ফোন, যা ইকবালের ছেলেরা ব্যবহার করতেন বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে প্রিমিয়ার গ্রুপের অনুসন্ধানে নেতৃত্ব দেওয়া দুদকের উপপরিচালক হোসাইন শরীফ জানান, বনানীর পুরো ইকবাল সেন্টার সিলগালা করা হয়নি। মূলত ১৬ তলার পূর্ব পাশের বিশেষ লিফট দিয়ে প্রবেশযোগ্য এইচ বি এম ইকবালের নিজস্ব চেম্বার এবং তাঁর দুই ছেলে ও এক জামাতার ব্যবহৃত পরিচালকের কক্ষটি সিলগালা করা হয়েছে। তল্লাশির সময় কোনো নথি যাতে সরিয়ে ফেলা না যায়, সে লক্ষ্যে সেগুলো লক করে কারিগরি দলের সহায়তায় দরজা সিলগালা করা হয়।
ইকবাল সেন্টারের মালিক এইচ বি এম ইকবাল নিজেই। ১৯৯৯ সালে লাইসেন্স পাওয়ার পর টানা ২৬ বছর এই ভবনেই প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় পরিচালিত হয়ে আসছিল। তবে সম্প্রতি (৩ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয় তেজগাঁওয়ের শান্তা পিনাকলে স্থানান্তর করা হয়।
এদিকে, এই অভিযান ও সিলগালার ধারাবাহিকতায় প্রিমিয়ার গ্রুপের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সংস্থাটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, প্রিমিয়ার গ্রুপের আর্থিক অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ১৬টি মামলা দায়ের করা হয়েছে। আরও ৫টি মামলার সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা রয়েছে, যা নতুন কমিশন পুনর্গঠনের পর অনুমোদনের অপেক্ষায় আছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনার পরিবার ও ১০টি শীর্ষ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও অর্থপাচারের যে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়, তার মধ্যে প্রিমিয়ার গ্রুপ অন্যতম।
আপনার মতামত লিখুন :