যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও জাহাজ ভাঙা ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে করা অনুসন্ধানের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
রিট আবেদন ও আদালতের নথি সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধানের সময় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) শওকত আলী চৌধুরীর কয়েকটি সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পায়।
তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংকের মাধ্যমে যুক্তরাজ্য থেকে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ম্যাশরেক ব্যাংক ও এমিরেটস এনবিডির বিভিন্ন হিসাবে জমা করা হয়। পরে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ-সংক্রান্ত তথ্য বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলকে জানায় বলে রিটে উল্লেখ করা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম রেজওয়ানুল সাঈদ। তবে দীর্ঘ সময়েও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।
রিটে দুদকের চেয়ারম্যান, বিএফআইইউর প্রধান, এনবিআর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। তারা আদালতে বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবং মানি লন্ডারিং প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আইনগত দায়িত্ব পালনে নিষ্ক্রিয়তা দেখা গেছে।
হাইকোর্টের আদেশের ফলে এখন নির্ধারিত সময়ের মধ্যে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে করা অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে দুদককে। পাশাপাশি বিএফআইইউর ভূমিকা নিয়েও আদালতের জারি করা রুলের জবাব দিতে হবে সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন :