ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, নিসচার তীব্র প্রতিবাদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, নিসচার তীব্র প্রতিবাদ

চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে নিসচা। সংগঠনটি জানিয়েছে, যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন জীবিত ও সুস্থ আছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মৃত্যুর মতো স্পর্শকাতর খবর প্রচার করা চরম দায়িত্বহীনতার পরিচয়। একজন জীবিত মানুষকে মৃত ঘোষণা করে গুজব ছড়ানো তার পরিবার ও স্বজনদের পাশাপাশি অসংখ্য ভক্ত-অনুরাগীর জন্যও গভীর মানসিক কষ্টের কারণ।

বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে তা যাচাই করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মৃত্যু, অসুস্থতা ও দুর্ঘটনার মতো সংবেদনশীল বিষয়ে নির্ভরযোগ্য সূত্র ছাড়া তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে নিসচা।

লিটন এরশাদ বলেন, ‘সবার আগে সংবাদ’ দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। দ্রুত সংবাদ প্রকাশের চেয়ে তথ্যটি সত্য কি না, তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে কয়েক মিনিটই যথেষ্ট। কিন্তু এর কারণে একটি পরিবার, স্বজন ও অসংখ্য ভক্ত যে মানসিক কষ্টের মধ্য দিয়ে যায়, পরে সেটিকে ‘ভুল সংবাদ’ বলে সংশোধন করলেই সেই ক্ষতি পূরণ হয় না।

নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মী এ গুজবের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মৃত্যুর গুজবের উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

ইলিয়াস কাঞ্চনের ভক্ত ও শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো মৃত্যুসংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে নিসচা। নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত না হয়ে কোনো তথ্য শেয়ার না করারও অনুরোধ করা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট তিনি দেশে ফিরেছিলেন। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের সঙ্গে প্রায় ১০ দিন কাটিয়ে আবার লন্ডনে ফিরে যান তিনি।

নিসচার পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলা হয়েছে—গুজব নয়, যাচাই করা সত্য তথ্যই হোক সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তি।