হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ৯:০২ অপরাহ্ন
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৫০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ শিশুর কারও মৃত্যু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হওয়ার কারণে হয়েছে বলে শনাক্ত হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৯৮ জন। এ সময়ে ১ হাজার ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১।

এই সময়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন বাড়ি ফিরেছে।