রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে রোববার রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে এমফিটামিনের উপস্থিতি পাওয়া যায়নি।
এর আগে রোববার দুপুরে ডোপ টেস্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ, মামলার তদন্ত কর্মকর্তা এবং রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।
একই পরিবারের চারজনকে হত্যা
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
তবে ডোপ টেস্টের ফল অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় বা এর আগে তারা মাদক গ্রহণ করেছিলেন—এমন প্রমাণ পরীক্ষায় পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :