দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। বুধবার ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, ওই হামলায় পাঁচজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকার তিনটি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বান্দার আব্বাস, কেশম, জাস্ক, চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।
হামলার পর ইরানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: শাফাক নিউজ এজেন্সি
আপনার মতামত লিখুন :