সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দা, মক্কা ও তায়েফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সৌদি সিভিল ডিফেন্সের তথ্যমতে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিসের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তবে সম্ভাব্য বিপদের সুনির্দিষ্ট ধরন বা কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সতর্কবার্তায় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে ভবনের ভেতরের কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
খোলা জায়গায় থাকা ব্যক্তিদের দ্রুত কোনো ভবনের ভেতরে প্রবেশ অথবা মজবুত স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে। গাড়িচালকদের সতর্কবার্তা পাওয়ার পর সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি মাধ্যমের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির মধ্যেই এই সতর্কতা জারি হলো। গত কয়েক দিনে হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর এসেছে। এর জবাবে সৌদি বাহিনীও ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
আপনার মতামত লিখুন :