গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাই এখন দেশের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে, সন্তানদের প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘ লড়াইয়ের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এবং এই সরকার দ্রুত দেশকে ভগ্নস্তূপ থেকে পুনর্গঠনের চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করেন, তারা অনেকটা ফিনিক্স পাখির মতো। ধ্বংসস্তূপ থেকে বারবার উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। তাঁর মতে, এখন গণতন্ত্র অর্জনের পর সেটিকে টিকিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকর করা। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, তবে আলোচনা ও সংলাপের মাধ্যমে সেসব বিরোধের সমাধান সম্ভব।

রাষ্ট্রপতি আরও বলেন, অতীতে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, আর সামনে দেশের পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সত্যিকার অর্থে বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং নানা বাধার মুখে পড়েছে। এবার যে সুযোগ এসেছে, তা যেন অবহেলায় নষ্ট না হয়—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সিলেটের বিভিন্ন সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা এসব বিষয়ে কাজ করছেন। ইতোমধ্যে বেশ কিছু বড় কাজের উদ্যোগ সামনে এসেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।