জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখের সীমা ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে, যা আগের বছরের তুলনায় ৭ হাজার ৯১৪ জন বেশি।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যের বরাতে মঙ্গলবার এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কিয়োদো নিউজ। মন্ত্রণালয়ের হিসাবে, ১ সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা রেকর্ড করা হয়েছে। এ নিয়ে টানা ৫৬ বছর জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বাড়ল।
শতবর্ষীদের ৮৭ শতাংশের বেশি নারী
জাপানের শতবর্ষী জনগোষ্ঠীতে নারীদের আধিপত্য স্পষ্ট। মোট শতবর্ষী মানুষের ৮৭ দশমিক ৬ শতাংশই নারী। এ ছাড়া ২০২৬ অর্থবছরে আরও ৫৪ হাজার ২৯৪ জন ১০০ বছর বয়সে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৯৮৪ জন বেশি।
দেশটিতে প্রতি এক লাখ মানুষের বিপরীতে শতবর্ষী মানুষের গড় সংখ্যা ৮৭ দশমিক ৫১ জন।
সবচেয়ে বয়স্ক নারী ১১৪, পুরুষ ১১২ বছর
জাপানের সবচেয়ে বয়স্ক নারী কিয়োটোর বাসিন্দা ফুয়ো কিশিমোতো। তাঁর বয়স ১১৪ বছর। তিনি ১৯১১ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।
দেশটির সবচেয়ে বয়স্ক পুরুষ কুমামোতো এলাকার হিকারু কাতো। তাঁর বয়স ১১২ বছর এবং জন্ম ১৯১৪ সালের ২ মে।
ছয় দশকে শতবর্ষীর সংখ্যা বেড়েছে বহুগুণ
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রবণতা রয়েছে। ১৯৬৩ সালে সরকারি পর্যায়ে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হলে দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। ১৯৮১ সালে তা এক হাজার, ১৯৯৮ সালে ১০ হাজার এবং ২০১২ সালে ৫০ হাজার ছাড়ায়। এবার প্রথমবারের মতো এই সংখ্যা এক লাখের সীমা অতিক্রম করল।
দীর্ঘায়ু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জাপানের উচ্চ গড় আয়ুরও সম্পর্ক রয়েছে। ২০২৫ সালে দেশটিতে নারীদের গড় আয়ু ছিল ৮৭ দশমিক ৩৩ বছর এবং পুরুষদের ৮১ দশমিক ৩৫ বছর। শতবর্ষী মানুষের সংখ্যা বৃদ্ধির এই প্রবণতা জাপানের ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠী ও দীর্ঘায়ু সমাজের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরছে।
আপনার মতামত লিখুন :