তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতির কথা তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য গঠিত স্টার্টআপ তহবিলের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ রয়েছে। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ এবং সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সরকারি চাকরিজীবীদের জন্য সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদনের কথাও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনা মূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখা এবং শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কারের উদ্যোগের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৭৪ জনের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার কথা উল্লেখ করেন মাহদী আমিন। এ ছাড়া তাঁর বক্তব্য অনুযায়ী, আদালত সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই ফাউন্ডেশনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাসী আয়ের বিষয়ে তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে, যার পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার। পাশাপাশি সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগের কথা জানান তিনি। বন্যাদুর্গত নেপালেও বাংলাদেশ ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে বলে উল্লেখ করেন মাহদী আমিন।
আপনার মতামত লিখুন :