ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৮৭২


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

ডেঙ্গুর প্রকোপে দেশে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। চলতি বছরে একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির এটিই সর্বোচ্চ সংখ্যা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্যবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগের এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে এক হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ১৫ সেপ্টেম্বর এক হাজার ৫৯৩ জন এবং ৮ সেপ্টেম্বর এক হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হন।

নতুন এই পরিসংখ্যান অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বরের দৈনিক ভর্তির রেকর্ডও ছাড়িয়ে গেছে আজকের সংখ্যা। ফলে সেপ্টেম্বরের শেষভাগে এসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির চিত্র উঠে এসেছে।