দিল্লিতে হুমায়ুনের সমাধিতে গম্বুজ ধসে নিহত ৫


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি চত্বরের একটি গম্বুজ হঠাৎ ধসে পড়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজামুদ্দিন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সাড়ে ৪টার দিকে গম্বুজটি ভেঙে পড়লে ছুটির দিনে থাকা বহু দর্শনার্থী আটকা পড়েন। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

হুমায়ুনের সমাধি মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে পরিচিত, যা ১৫৬৫ সালে সম্রাটের প্রথম স্ত্রী বেগা বেগম নির্মাণ করিয়েছিলেন। পারস্যের স্থপতি মিরাক মির্জা গিয়াসের নকশায় তৈরি এই সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম ‘বাগান-সমাধি’। ১৯৯৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। ধসে পড়া গম্বুজটি লাল বেলেপাথর ও সাদা মার্বেলে তৈরি ছিল।

দুর্ঘটনায় সমাধি চত্বরের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মুঘল স্থাপত্যের এই অনবদ্য নিদর্শনটি পরবর্তীতে তাজমহলের নকশাতেও অনুপ্রেরণা যুগিয়েছিল। সমাধিক্ষেত্রে প্রায় ১৫০ জন মুঘল রাজপরিবারের সদস্য সমাহিত আছেন।