যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

যুক্তরাষ্ট্রে ৬ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আইন লঙ্ঘন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবিসিকে জানানো হয়েছে। বাতিলকৃত ভিসাগুলোর মধ্যে প্রায় ৪ হাজার বাতিল হয়েছে বিভিন্ন অপরাধমূলক অভিযোগে, যার মধ্যে হামলা, মাদক গ্রহণ করে গাড়ি চালানো ও চুরির মতো ঘটনা উল্লেখযোগ্য। এছাড়াও, ‘সন্ত্রাসবাদে সহায়তা’র অভিযোগে আরও দুই থেকে তিনশ’ ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের আমলে অভিবাসন ও বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর নীতি অব্যাহত রয়েছে। যদিও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তবে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে বলে জানা গেছে, যাদের আচরণকে প্রশাসন ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছে। এই সিদ্ধান্তগুলোকে রাজনৈতিকভাবে প্রেরিত বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের বলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, “যারা এখানে অতিথি হিসেবে থেকে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিঘ্ন সৃষ্টি করছে, তাদের ভিসা আমরা বাতিল করে যাব।” এই বক্তব্যের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের প্রতি সরকারের কঠোর মনোভাবই প্রকাশ পেয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে ডেমোক্র্যাটরা। তারা একে শিক্ষার্থীদের উপর অযৌক্তিক দমনপীড়ন বলে মনে করছে। উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ২১০টি দেশের ১১ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছে। এমন প্রেক্ষাপটে, ভিসা বাতিলের এই নীতির ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী পরিবেশে সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।