আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৫, ৪:২০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হয়রানি ও বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মজা করে তিনি বলেছেন, “ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি রয়েছে, তাই আমাকেও হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।”

শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অমর্ত্য সেন বলেন, “খবরের কাগজে পড়েছি, বাংলায় কথা বলায় একজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে আমি চিন্তিত। সিদ্ধান্ত নিয়েছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানিই না।”

ভারতের বিভিন্ন রাজ্যে ‘বাংলাভাষীদের অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে ধরপাকড় ও বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় তিনি বলেন, “বাংলাভাষীরা পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন, অসম্মানিত হচ্ছেন। বাঙালি সংস্কৃতিকে সম্মান জানাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ জরুরি।”

অমর্ত্য সেন আরও বলেন, “আমি কখনোই বলব না যে বাঙালি সংস্কৃতিই সবার সেরা, তবে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহাসিক গুরুত্ব আছে। ভারতীয় সভ্যতার বৈচিত্র্যকে রক্ষা করতে হলে প্রত্যেকটি সাংস্কৃতিক পরিচয়কে মর্যাদা দিতে হবে।”

উল্লেখ্য, গত এপ্রিলের পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারতজুড়ে কথিত ‘অবৈধ অভিবাসীদের’ ধরপাকড় শুরু করে কেন্দ্রীয় সরকার। পরে বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার হওয়া বহু বাংলাভাষীকে বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও প্রতিবেদন প্রকাশ করেছে।