প্রাথমিক শিক্ষক নিয়োগে যুগান্তকারী সংস্কার: নারীদের বিশেষ কোটা বাতিল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারি করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫। নতুন নীতিমালায় বাতিল হয়েছে বহুল আলোচিত ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা, নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এবার থেকে ৯৩ শতাংশ সহকারী শিক্ষক নিয়োগ হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে। একই সঙ্গে প্রধান শিক্ষক হওয়ার সুযোগও বাড়ছে—আগে যেখানে ৬৫ শতাংশ পদোন্নতি ছিল, এখন তা বেড়ে দাঁড়াল ৮০ শতাংশে।

প্রথমবারের মতো শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ে সহকারী শিক্ষক পদ অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি ২০ শতাংশ পদ বিজ্ঞান স্নাতকদের জন্য এবং ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত। তবে মুক্তিযোদ্ধা পরিবার (৫%), ক্ষুদ্র নৃগোষ্ঠী (১%) ও শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের (১%) জন্য কোটার বিধান থাকছে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে প্রার্থীরা অযোগ্য হবেন। উপজেলা ও থানাভিত্তিক নিয়োগের মাধ্যমে নিশ্চিত করা হবে স্থানীয় প্রার্থীর অংশগ্রহণ।