মির্জা ফখরুল হাসপাতালে গিয়ে নুর ও লুৎফুরের শারীরিক খোঁজখবর নিলেন


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

গত শুক্রবার কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আহত নেতাদের দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং চিকিৎসকদের কাছে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তার সঙ্গে দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে অবস্থান নেন। নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সেনা ও পুলিশ সদস্যদের লাঠিপেটায় নুরসহ অন্তত ৫০ জন আহত হন। আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢামেকে স্থানান্তর করা হয়। নুরের চিকিৎসার জন্য ঢামেকে ছয় সদস্যের সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে মির্জা ফখরুল ইসলামী ব্যাংক হাসপাতালে জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকেও দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। গত সোমবার রাতে লুৎফুর রহমান গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে বের হওয়ার সময় সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন এবং তাকে দ্রুত কাকরাইলের ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।