ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার পারিবারিক বাড়িতে বুধবার গভীর রাতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ৩টার দিকে সিটি করপোরেশনের ঢোলাদিয়া এলাকায় বাড়ির মূল ফটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ক্ষয়ক্ষতি না হলেও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ করেছে পুলিশ।
কেন বা কারা এই হামলা চালিয়েছে—এ নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :