ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে এই কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে রাজধানীসহ বহু জেলায়।
পুরান ঢাকার বংশালে একটি পাঁচ তলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জে দেয়াল ধসে মারা গেছেন দুইজন—রূপগঞ্জে এক নারী ও এক শিশু। এতে তাদের পরিবারের সদস্যসহ আরও কয়েকজন আহত হন। জেলার নানা স্থানে আরও বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত হয়েছেন দুইজন—গাবতলীতে ভবনের সানসেট ধসে এক শিশু এবং পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধ। জেলা জুড়ে অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানায়।
হঠাৎ তীব্র কম্পনে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিভিন্ন এলাকায় ভবনের রেলিং, দেয়াল ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসন ও ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করতে মাঠে কাজ করছে।
আপনার মতামত লিখুন :