ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক

ফেব্রুয়ারির নির্বাচন পূর্ণ সমর্থনের অঙ্গীকার জাতিসংঘের


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা হয়।

লুইস বলেন, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। এ ছাড়া চলমান সংস্কার বাস্তবায়নে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়েও কথা হয়।

সাক্ষাতে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন ও এ মাসের শেষে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় হয়। রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিল ঘাটতি নিয়ে উভয়পক্ষ উদ্বেগ প্রকাশ করেন। অর্থের অভাবে শিক্ষা ও জরুরি সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে বলেও উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টা ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সংহতি ও বাড়তি সহায়তার ওপর জোর দেন। জবাবে জাতিসংঘ প্রতিনিধি বাংলাদেশের সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন যাত্রায় জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।