পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুস শোভাযাত্রা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি ও বিএসপি চেয়ারম্যান শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো সুফিবাদী ধর্মপ্রাণ মানুষ রাজধানীতে সমবেত হন। এ বছর ঈদে মিলাদুন্নবী (দ.)-এর ১৫০০ বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রায় ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ। দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি আবার সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বিশাল জাতীয় পতাকা। চারদিকে মুখরিত হয় নারায়ে তাকবির ও নারায়ে রিসালতের স্লোগানে। শোভাযাত্রা শেষে শান্তি সমাবেশে নারীদের সক্রিয় অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
পূর্ব সমাবেশে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, মহানবী (দ.) মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তাঁর শিক্ষা ও আদর্শ বাস্তবায়ন করলেই ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি আহ্বান জানান, ঈদে মিলাদুন্নবীর (দ.) পবিত্র বার্তা হৃদয়ে ধারণ করে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে তা প্রয়োগ করার জন্য।
আপনার মতামত লিখুন :