ফের বেড়েছে পদ্মার পানি, বিপাকে ১৫ চরের মানুষ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের অন্তর্গত ১৫টি চর নতুনভাবে প্লাবিত হয়েছে। আজ রোববার সকাল থেকে আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুর চরের নিচু বাড়িগুলোর উঠানে পানি উঠতে দেখা গেছে। ফলে চরের সাড়ে ১৫ হাজার মানুষের জীবন ও জীবিকা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন গবাদিপশু পালনকারী পরিবারগুলো।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার পানি বাড়তে থাকায় শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। আতারপাড়া ও চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি মাড়িয়ে স্কুলে যেতে পারছে না। চৌমাদিয়া চরের বাসিন্দা সলেমান হোসেন বলেন, “এই চরে ২০০টি পরিবারের প্রতিটি বাড়িতে পানি ঢুকেছে। কেউ কোথাও যেতে পারছে না। গরু-ছাগল নিয়ে পড়েছি মহাসঙ্কটে।” একই উদ্বেগ প্রকাশ করেন সাবেক মেম্বার আবদুর রহমান, যিনি বলেন, “জীবন বাজি রেখে চরে থাকি। জমি তো আগেই গেছে ভাঙনে, এখন আবার পানি এসে পথও বন্ধ করেছে।”

এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক জানান, আজ সকাল ৮টায় পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১৬.৮২ মিটার, যা এখনও বিপৎসীমা (১৮.৫০ মিটার) অতিক্রম না করলেও দ্রুত বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পরিস্থিতির অবনতি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ত্রাণ বা সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের।