নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, আজও রাস্তায় তরুণরা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন রাজধানী কাঠমান্ডু ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৯ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে কাঠমান্ডুর নতুন বানেশ্বর এলাকায় পার্লামেন্ট ভবনের সামনে আবারও জড়ো হতে থাকেন তরুণরা। তাদের হাতে কোনো ব্যানার বা প্ল্যাকার্ড না থাকলেও, আন্দোলনে যোগ দিয়ে এক অংশগ্রহণকারী বলেন, “গতকালের ঘটনাই সরকারের ব্যর্থতা প্রমাণ করেছে। তাই আমি তরুণদের পাশে দাঁড়াতে এসেছি।”

এর আগে সোমবার ‘জেনারেশন জি’-এর শান্তিপূর্ণ বিক্ষোভ দমনকালে পুলিশের গুলিতে বহু প্রাণহানি ঘটে। এ ঘটনায় সরকারের কঠোর দমননীতির সমালোচনা করেছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা।

সংঘর্ষ ছড়িয়ে পড়েছে কাঠমান্ডুর বাইরে দামাক, বীরাটমোড়, ইটাহারি, বীরাটনগর, জনকপুর, ভরতপুর, পোখারা, বীরগঞ্জ, বুটওয়াল, ভৈরহাওয়া, তুলসিপুর ও ধানগড়িসহ বিভিন্ন শহরে। কোথাও কার্যালয় ভাঙচুর, কোথাও পুলিশ পোস্টে আগুন, আবার কোথাও প্রধানমন্ত্রীর বাসভবনে ইটপাটকেল ছোড়া হয়।

অনেক জায়গায় পরিস্থিতি সহিংস হলে পুলিশ গুলি, টিয়ার গ্যাস, রাবার বুলেট ও পানিকামান ব্যবহার করে। এতে একাধিক শহরে নতুন করে হতাহতের ঘটনা ঘটে।

নেপালি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মূলত কলেজ শেষ করা তরুণরাই প্রথমে আন্দোলনে নামলেও ধীরে ধীরে বিভিন্ন শ্রেণির মানুষ তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। এতে আন্দোলন দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।