নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

তীব্র গণবিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দেশটি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল ছিল। রাজধানী কাঠমান্ডুতে কারফিউ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছিল। এ সময় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যলয়ে আগুন ধরানোর ঘটনা ঘটে। পার্লামেন্ট ভবনেও বিক্ষোভকারীরা আগুন দেয় এবং বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

সংবাদমাধ্যম জানায়, পরিস্থিতি তীব্র হওয়ায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসপ্রেসিডেন্টের বাসভবন থেকে মন্ত্রীদের সরাচ্ছে। দেশব্যাপী মন্ত্রীরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিক্ষোভের মূল কারণ হিসেবে সরকার গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তকে নেয়া হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে সংঘাত ঘটে এবং পুলিশ লাঠিচার্জে বিক্ষোভ দমন করে।

এই সংঘাত ও তীব্র গণচাপে আগে থেকেই পদত্যাগ করেন কয়েকজন মন্ত্রী। অবশেষে, চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন। দেশজুড়ে এই দুই দিনের সংঘাতে অন্তত ১৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ হিসেবে অভিহিত করেছেন।